
কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার,কুড়িগ্রামঃ
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের বুক চিরে জেগে ওঠা প্রত্যান্ত চরাঞ্চলের কড়াইবরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এসময় সদ্য বিদায়ী শিক্ষার্থীদের মাঝে প্রেষনা যোগাতে শিক্ষা উপকরন সরঞ্জাম বিতরন করা হয়।
গতকাল (৯ এপ্রিল) কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাদাকাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী অধ্যাপক নাজমুন্নাহার বিউটি, জেলা চর উন্নয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চিলমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোঃ ফজলুল হক, চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম কাজী এবং উপজেলা মহিলা দলের নেত্রী শাহনাজ সুলতানা। এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বক্তব্যে , শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করার আহ্বান এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু বলেন, জেলার প্রায় সাড়ে চার শতাধিক চরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য এখনো পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। নদী ভাঙন, খরা ও বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্বল। এতো প্রতিকূলতার মধ্যেও এই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের প্রচেষ্টায় এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ সম্ভব হয়েছে। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং পরীক্ষার্থীদের সফলতা কামনা করেন। একই সঙ্গে বিদ্যালয়টিকে এমপিওভুক্ত করার জন্য শিক্ষামন্ত্রী ও জেলা প্রশাসকের কাছে জোর দাবি জানান।
সাইফুল ইসলাম স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম 












