
নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইসির বিশেষ পরিপত্র
অনলাইন ডেস্কঃ
নির্বাচনী সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে সাংবাদিকদের দায়িত্ব পালনে সব ধরনের সহায়তা দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এই বিশেষ পরিপত্র জারি করা হয়।
পরিপত্রে উল্লেখ করা হয়, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন সাংবাদিক নীতিমালা অনুযায়ী নির্বাচনী সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য পরিচয়পত্র প্রদান করে থাকে। গণপ্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদ ২৯(গ) অনুযায়ী রিটার্নিং অফিসারের অনুমতি প্রাপ্ত সাংবাদিকরা নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রেখে নির্বাচনী সংবাদ সংগ্রহের দায়িত্ব পালন করবেন।
এতে আরও বলা হয়, নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক বা গণমাধ্যমকর্মীদের জন্য প্রণীত নীতিমালা-২০২৫ এর ক্রম ১০ অনুসারে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত বৈধ কার্ডধারী সাংবাদিকরা সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।
সাংবাদিক পরিচয়পত্র ও গাড়ির স্টিকারের জন্য আবেদন করতে হবে নির্বাচন কমিশনের নির্ধারিত পোর্টাল https://pr.ecs.gov.bd/ এর মাধ্যমে। অনুমোদনপ্রাপ্ত আবেদনকারীরা অনলাইনে নিরাপত্তা বৈশিষ্ট্যসম্পন্ন কিউআর কোড সংযুক্ত পরিচয়পত্র ও গাড়ির স্টিকার ডাউনলোড ও মুদ্রণ করতে পারবেন। এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা পরবর্তী সময়ে পৃথক পত্রের মাধ্যমে জানানো হবে।
পরিপত্রে বলা হয়, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তারা কিউআর কোডযুক্ত পরিচয়পত্র ও গাড়ির স্টিকারের যথার্থতা যাচাই করতে পারবেন।
এছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদ ৮৪(ক) অনুযায়ী, নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত কোনো সাংবাদিক বা গণমাধ্যমকর্মীকে যদি কেউ সংবাদ সংগ্রহে বাধা প্রদান করেন, বাধা দেওয়ার চেষ্টা করেন, শারীরিক ক্ষতি করেন বা করার চেষ্টা করেন, কিংবা দায়িত্ব পালনে ব্যবহৃত সরঞ্জামের ক্ষতি সাধন করেন—তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি অপরাধী হিসেবে গণ্য হবেন এবং আইন অনুযায়ী দণ্ডিত হবেন।
পরিপত্রে আরও জানানো হয়, নীতিমালা-২০২৫ অনুযায়ী দায়িত্ব পালনকালে ভোটকেন্দ্রে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা ও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করবেন।
এছাড়া বৈধ কার্ডধারী সাংবাদিকদের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে ভোটকেন্দ্রের ভেতরে স্থান সংকুলানের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রিজাইডিং অফিসাররা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের অনুকূল পরিবেশ বজায় রেখে সাংবাদিকদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।
এই বিশেষ পরিপত্রের মাধ্যমে নির্বাচন কমিশন নির্বাচনী দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে সংবাদ সংগ্রহের সুযোগ আরও জোরদার করার উদ্যোগ নিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনলাইন ডেস্কঃ 










